স্বল্প খরচে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির যোগান নিশ্চিত করে ২ বছর আগে ফোর্বসের উঠতি তারকা তালিকায় এসেছিলেন বাংলাদেশের মিনহাজ চৌধুরী। সেই ধারাবাহিকতা রক্ষা করে এবছর ফোর্বসের ‘অনুর্ধ ৩০ ইম্প্যাক্ট চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় জিতেছে মিনহাজের ‘ড্রিংকওয়েল’ প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের বোসটনে ফোর্বস আন্ডার থার্টি সামিটে এই সাফল্য অর্জন করে মিনহাজের প্রতিষ্ঠান। বিশ্বে অন্যান্য উদ্ভাবনী প্রকল্পগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নেমে ড্রিংকওয়েল জিতে নেয় ৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এই সম্মাননার মূল্য প্রায় ৪১ কোটি টাকা।
পানিকে আর্সেনিকমুক্ত করতে ড্রিংকওয়েল উদ্ভাবিত ফিল্টার তুলনামূলক ৪০ শতাংশ কম দামে পাওয়া যায়। এখন এই ফিল্টার বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, লাওস ও নেপালের আড়াই লাখ মানুষ ব্যবহার করছে।
মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা ছাড়াও প্রায় ৫’শ মানুষের কর্মসংস্থান হয়েছে মিনহাজের ড্রিংকওয়েলে।
২৭ বছর বয়সী মিনহাজ এর আগে ২০১৫ সালে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস-এর ‘৩০ অনূর্ধ্ব ৩০ সামাজিক উদ্যোক্তা ’ তালিকায় স্থান করে নেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ জ্যাকপট প্রতিযোগিতায় মিনহাজ ও তার ড্রিংকওয়েল প্রকল্প প্রথম স্থান অধিকার করে।
ওই বছর সাউথওয়েস্ট ইকো অ্যাওয়ার্ডসের প্রফিট সোশ্যাল ইমপ্যাক্ট পুরস্কারও পেয়েছেন তিনি। সিলিকন ভ্যালিতে অবস্থিত দ্য টেক মিউজিয়াম অব ইনোভেশনের টেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন ড্রিংকওয়েল সিস্টেমসকে বিশেষ সম্মাননা প্রদান করে।







