ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি-র কর্ণধার প্রণয় রায়ের বাড়িতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের অভিযানকে গণতন্ত্র ও মতপ্রকাশের উপর আঘাত বলেছে চ্যানেলটি। সোমবার সকালে সিবিআইয়ের গোয়েন্দারা প্রণয় রায়ের বাড়ি-সহ মোট চারটি জায়গায় অভিযান চালায়।
পিটিআই সূত্রে জানা যায়, বেসরকারি ব্যাঙ্ক আইসিআই থেকে ৪৮ কোটি রুপির ঋণ নিয়ে এনডিটিভি ঋণ খেলাপি হয়েছে – সেই মামলার সূত্র ধরেই আজকের অভিযান।
এনডিটিভি-র পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে সরকার শুধুমাত্র প্রতিহিংসার বশেই এই অভিযান চালিয়েছে।
এই অভিযান নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। নানা ইস্যুতে ভারতের বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করেেএই টিভি চ্যানেলটি। দিল্লির জেএনইউ-তে সহিষ্ণুতা, ভারত জুড়ে গোরক্ষা বা গরুর মাংস নিষিদ্ধ করাসহ নানা ইস্যুতে সরকারের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নেয় এনডিটিভি।
বিজেপি-র নেতাদের অভিযোগ, এনডিটিভি একটা উদ্দেশ্যপূর্ণ লেফট লিবারেল, অর্থাৎ বাম ঘেঁষা ও উদারপন্থী অ্যাজেন্ডা নিয়ে চলে – আর বিজেপির নীতিকে সব সময় অন্যায়ভাবে আক্রমণ করে থাকে।
বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা গ্রহণ এবং এনডিটিভি-র শেয়ারের মূল্য বেশি করে দেখানো বা ‘ওভারভ্যালুয়েশনে’র অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং আয়কর বিভাগ অনেক আগেই এনডিটিভিকে একাধিকবার নোটিশ পাঠায়।








