ফুটবলের বিশ্ব আসর এবং গত বছরের কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত আর্জেন্টিনা এবারের শতবর্ষের কোপা আসরে শিরোপার অন্যতম প্রধান দাবিদার। আর এই প্রত্যাশার বোঝা সবচেয়ে বেশি যার উপর, সেই ফুটবল জাদুকর লিওনেল মেসিকে আলাদাভাবেই অনুশীলন করালেন জেরার্ড মার্টিনো। কনমেবলের গত আসরে স্বপ্ন ভেঙ্গে দেয়া চিলির বিপক্ষে মঙ্গলবার প্রথম লড়াইয়ের আগে বিস্ময় প্রতিভার মেসিকে পাবেন কিনা তাই নিয়েও সংশয় ছিলো।
গত সপ্তাহে হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পিঠে আঘাত পেয়ে বদলি হতে হয়েছিলো আলবিসেলেস্তে অধিনায়ককে। তার পর থেকেই চিলির বিপক্ষে এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নামতে পারবেন কিনা তাই নিয়ে ছিলো শঙ্কা। আবার বার্সেলোনায় তার ও তার বিরুদ্ধে করা জালিয়াতি মামলায় সাক্ষ্য দিয়েই ক্যালিফোর্নিয়াতে দলের সাথে যোগ দেন তিনি। আর তাই দলের সাথে অনুশীলনও করতে পারেন নি।
সান্তা ক্লারাতে ২০১৫ কোপা ফাইনালে নীল-সাদা দলকে হতাশায় ডুবিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠেছিলো স্বাগতিক চিলি। শিরোপা নির্ধারণী ম্যাচের সাথে গ্রুপ পর্বের লড়াইয়ের আকাশ-পাতাল তফাত থাকলেও কিছুটা সান্ত্বনা পাওয়ার সুযোগ তো থাকেই। আর তাই সোমবারের চিলির বিপক্ষে সূচনা ম্যাচে পূর্ণ শক্তির দলই নামাতে চাইবে মার্টিনো।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেও লিওনেল মেসিকে আলাদাভাবে প্রশিক্ষণ দেয়ার কথা উল্লেখ করা হয়। এখন দেখার বিষয় চিলি ম্যাচের পূর্বে রোববার দলের শেষ ট্রেনিং সেশনে মেসি অংশ নেয় কিনা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুন) সকাল ৮ টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-চিলি।







