ভারতীয় ক্লাব গোকুলাম কেরালা এফসিকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস।
জয়ে ৩ ম্যাচে ২ জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা টেবিলের শীর্ষে আছে। সমান ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট পাওয়া গোকুলাম কেরালা আসর থেকে বিদায় নিয়েছে।
মালদ্বীপের ক্লাব মাজিয়া ও ভারতের ক্লাব মোহনবাগান দুই ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। এ দুদল রাতে মুখোমুখি হবে। মোহনবাগান জিতলে পাবে বসুন্ধরার সমান ৬ পয়েন্ট। তখন হেড টু হেডে মোহনবাগান পরের রাউন্ডে যাবে।
মাজিয়া যদি জিতে যায়, তাদের বসুন্ধরার সমান ৬ পয়েন্ট হবে। এক্ষেত্রে দলটিকে হারানো বসুন্ধরা হেড টু হেডের বিচারে পরের রাউন্ডের টিকিট কাটবে।
মাজিয়া ও মোহনবাগান ম্যাচ ড্র হলে উভয় দলের পয়েন্ট হবে ৪। তখন বসুন্ধরা শুধু পয়েন্টে এগিয়ে থেকেই পরের রাউন্ডে চলে যাবে।
মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে সোহেল রানার পাসে বল পেয়ে বসুন্ধরাকে লিড এনে দেন রবসন সিলভা।
বিরতির পর ৫৪ মিনিটে রবিনহোর থেকে বল আদায় করে ব্যবধান দ্বিগুণ করেন নুহা মারং।
ম্যাচের ৭৫ মিনিটে জাসসিমের অ্যাসিস্টে গোকুলামের হয়ে লক্ষ্যভেদ করেন জর্ডেইন ফ্লেচার।










