বিনোদন

ঋষিকে ছাড়াই যেভাবে শেষ হয়েছিল তার শেষ সিনেমার শুটিং

জানালেন রণবীর কাপুর

দুই ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, একটি পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণ এবং একজন প্রবীণ ব্যক্তি একটি পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, পেছনে ‘CINE AWARDS 2013’ বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে বছর দুই আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঋষি কাপুর। মৃত্যুর আগে ‘শর্মাজি নামকিন’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঋষি কাপুর।

কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে যেতে পারেননি তিনি। তবে বলিউডের প্রয়াত এই অভিনেতা যতোটুকু শুটিং করেছেন ততোটুকু দৃশ্য বাদ না দিয়ে বরং তার পরবর্তী অংশের কাজ আরেক বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে নিয়ে সম্পন্ন করেছেন নির্মাতারা। তবে বিষয়টি যে খুব সহজ ছিল এমন না।

সম্প্রতি টুইটারে ছবিটির প্রচারের একটি ভিডিও শেয়ার করেন বলিউড প্রযোজক ফারহান আখতার। যেখানে ঋষি পুত্র রণবীর কাপুর শুনিয়েছেন বাবার শেষ ছবির শ্যুটিং শেষ করার কাহিনী। পাশাপাশি জানিয়েছেন বাবার শেষ ছবিকে ঘিরে তার আবেগের কথাও।

রণবীর জানান, ‘‘বছর দুয়েক আগে বাবা যখন মারা যান, তখনও ছবিটির বেশ কিছু অংশের কাজ বাকি ছিল। ফলে থমকে যায় ছবিটির মুক্তি। বাবার শেষ ছবি পর্দায় আনতে সব রকমের চেষ্টা করতে রাজি ছিলাম আমিসহ গোটা কাপুর পরিবার এবং প্রযোজকরা।

শুধু তাই নয়, অসমাপ্ত অংশে ভিজ্যুয়াল এফেক্টের ব্যবহারের কথা ভাবা হয়। এমনকি, প্রস্থেটিকস মেক-আপ নিয়ে ঋষির চরিত্রে অভিনয়েও রাজি ছিলেন রণবীর। কিন্তু কোনটাই ঠিকমতো বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। শেষমেশ এগিয়ে আসেন পরেশ রাওয়াল।

বাবার ভূমিকায় অসমাপ্ত অংশগুলিতে অভিনয় করেছেন তিনিই। তবে একই চরিত্রে ভিন্ন দুই অভিনেতা— কাজটা একেবারেই সহজ ছিল না। ছবির জগতে এ জিনিস বিরলও বটে। তবু পরেশজি চ্যালেঞ্জটা নিয়েছেন। আজ ওনার জন্যই আমরা বাবার শেষ ছবি পর্দায় নিয়ে আসতে পারছি। আমার কাছে এ ছবিটা আজীবন বাবার প্রিয়তম স্মৃতিগুলোর একটা হয়ে থেকে যাবে।”

আগামী ৩১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম (অ্যামাজন প্রাইম ভিডিও) তে মুক্তি পেতে যাচ্ছে ঋষি কাপুরের শেষ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া।

বিষয়:ঋষি কাপুর পরেশ রাওয়াল রণবীর কাপুর শেষ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…