গুরুতর অসুস্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। রোববার থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে থাকা এই সাবেক ক্রিকেটারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন।
সোমবার হাসপাতালে সুজনকে দেখার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। বোর্ড সভাপতি বলেন, ‘গতকাল রাতে যখন ওর অবস্থা জেনেছি তখন কোনও সাড়াই দিচ্ছিল না। তবে সকালে অবস্থার উন্নতি হয়েছে। পুরোপুরি শঙ্কামুক্ত নয় সে। রাত ১১টায় আরো উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি। আশা করছি তিন-চারদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে আগের সুজন ফিরে আসবে।’
সুজনের সঙ্গে বিসিবির একজন চিকিৎসক ও পরিবারের একজন সদস্য সিঙ্গাপুর যাবেন বলেও জানান বোর্ড সভাপতি। সহকর্মীকে দেখতে এদিন হাসপাতালে যান বিসিবির পরিচালক ও কোচিং স্টাফদের অনেকেই।
এর আগে সকালে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সুজনের লাইফ সাপোর্ট আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাকে আইসিইউতেই রাখা হয়েছে। রাতের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এমআরআই রিপোর্ট পাওয়ার পরই অবস্থাটা পুরোপুরি বোঝা যাবে।
শনিবার মধ্যরাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে সুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৪৬ বছর বয়সী সুজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।







