বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে গেলেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক বুধবার বোর্ডে পদত্যাগপত্র জমা দেন। খবরটি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
প্রভাবশালী পরিচালক হিসেবে দীর্ঘ সময় ধরে বিসিবিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ। একাধিক কমিটিতে থাকায় তাকে নিয়ে বিতর্কও কম ছিল না। ছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন।
বিদেশ সফরে জাতীয় দলের টিম ডিরেক্টর, গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি বিপিএল ও ডিপিএলে কোচিং করানো। এমনকি পাইপলাইন তৈরির একাডেমি কোচিংও করাতেন তিনি।
টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রথম মেয়াদে চলে যাওয়ার পর জাতীয় দলের অন্তর্বর্তীকালিন কোচও হয়েছিলেন খালেদ মাহমুদ।







