ফুটবল দিয়ে পদক জেতার লড়াই শুরু হয়েছে আগেই, এবার আনুষ্ঠানিক উদ্বোধনের পালা। ক্রীড়া বিশ্বের সেরা উৎসব অলিম্পিক’র ৩১তম আসর বসেছে ব্রাজিলীয় শহর রিও ডি জেনিইরোতে।
শনিবার বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং কয়েকজন রাষ্ট্রপ্রধান থাকবেন এ অনুষ্ঠানে।
লাতিন আমেরিকায় প্রথম অলিম্পিকের আসর, ফুটবল আর সাম্বার দেশ ব্রাজিলের রিও ডি জেনিইরোয়। গ্রেটেস্ট শো অন আর্থ-এর ৩১তম আসরের উদ্বোধনীর জন্য তৈরী আশি হাজার দর্শক ধারণক্ষমতার বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়াম।
২৮টি ডিসিপ্লিনে ৩শ’৬টি স্বর্ণপদকের জন্য ২শ’৬ দেশ এবং ১০জন শরণার্থীকে নিয়ে গড়া একটি আলাদা দলসহ প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথেলেট অংশ নিচ্ছেন ১৭ দিনের এ ক্রীড়া মহাযজ্ঞে।
চার ঘণ্টার অনুষ্ঠানটি স্টেডিয়ামের গ্যলারিতে বসে দেখবেন ৭৮ হাজার দর্শক। টেলিভিশনে সরাসরি সস্প্রচারের সৌজন্যে সারা দুনিয়ার প্রায় সাড়ে তিনশ’ কোটি মানুষও সাক্ষী হবেন এ আয়োজনের।
উদ্বোধনীতে কী কী থাকছে তা গোপন রাখছেন আয়োজকরা। অলিম্পিকের গত দুই আসরের তুলনায় এবার বরাদ্দও কম।
তবে বিখ্যাত সাম্বা নাচ দিয়ে ব্রাজিলীয়রা যে দুনিয়াকে তাক লাগিয়ে দিতে পারে তার ইংগিত দিয়েছেন উদ্বোধনীর অন্যতম আকর্ষণ সুপার মডেল জিসেল ক্যারোলিন বুনচেন্দ।
পাঁচ মহাদেশ ঘুরে রিও ডি জেনিইরোতে পৌঁছে যাওয়া অলিম্পিক মশাল উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালাবেন ব্রাজিলের শ্রেষ্ঠ সন্তান ফুটবল সম্রাট পেলে।
উদ্বোধনের আগে স্টেডিয়ামে মশাল বহনকারী দলে থাকছেন শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশী ডক্টর মুহাম্মদ ইউনূস। নবমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশ।
সাত ক্রীড়াবিদসহ ১৬ সদস্যের বাংলাদেশ দলের হয়ে মার্চপাস্টে জাতীয় পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান।
ডোপ-স্ক্যান্ডালে কিছু ক্রীড়াবিদকে বহিষ্কারের পর শেষ পর্যন্ত ২শ’৭১ জনের দল নিয়ে অংশ নিচ্ছে রাশিয়া। জিকা ভাইরাসের ভয়ে রজার ফেডেরারের মতো টেনিস তারকা রিও’র আসর এড়িয়ে গেছেন।
তবে সেই ভয় উপেক্ষা করে ২০১২’র গেইমসে সব চেয়ে বেশি স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে সর্বাধিক ৫শ’৫০ জনের দল নিয়ে।
এবারো বিশ্বকে মাত করে দিতে থাকছেন অলিম্পিক ইতিহাসের দুই সেরা পারফরমার মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস এবং জ্যামাইকান স্প্রিন্ট আইকন উসাইন বোল্ট।







