স্পোর্টস

উত্তেজনায় ঠাসা ম্যাচে ম্যানসিটি-আর্সেনালের ভাগাভাগি

উত্তেজনায় ঠাসা ম্যাচে ম্যানসিটি-আর্সেনালের ভাগাভাগি

পারলেন না পেপ গার্দিওলা, দু’বার গোল করে এগিয়ে গিয়েছিল তার দল, জিততে পারেনি। জয়ের লক্ষ্য ছিল গানারদেরও। কিন্তু পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে সফল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরাও। ফলাফল, পয়েন্ট ভাগাভাগি। রোববার রাতে ম্যানচেস্টার সিটিকে ২-২ গোলে রুখে দিয়েছে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল ম্যানসিটি। ম্যাচের চার মিনিটে স্টার্লিংয়ের থেকে বল পেয়েছিলেন ফার্নান্দিনহো। তাকে আসতে দেখে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে প্রচেষ্টা রুখে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড অসপিনা।

রেশ কাটতে না কাটতেই পরের মিনিটে স্বাগতিকদের গ্যালারিতে পিনপতন নীরবতা নামান লেরয় সানে। কেভিন ডি ব্রুইনের ভাসানো বলটি পায়ে নিয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান এই জার্মান মিডফিল্ডার।

সিটিজেনদের আক্রমণে ঘরের মাঠে মিনিট বিশেক দর্শক হয়েই থাকতে হয় গানারদের। তবে বিরতিতে যাওয়ার আগেই স্বাগতিকদের গোলের আনন্দে ভাসায় থিও ওয়ালকট। ম্যাচের ৪০ মিনিটে স্কোড্রান মুস্তাফির হেডে পাওয়া বলে কোনাকুনি শটে সমতা ফেরান ওয়ালকট।

অবশ্য আর্সেনাল সমর্থকদের আনন্দ দুই মিনিটের বেশি স্থায়ী হতে দেননি গার্দিওয়ালার শিষ্যরা। ম্যাচের ৪২ মিনিটে সিলভার পাসে দর্শনীয় এক গোলে আবারো অতিথিদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

প্রথমার্ধে দুবার পিছিয়ে পড়লেও বিরতির পর ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ম্যাচের ৫৩ মিনিটে ওজিলের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন মোস্তাফি। ম্যাচের বাকি সময়ে দু’দল কয়েকবার প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ শাণালেও ভাগ্য খোলেনি কারোই। এতে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়।

এই ড্রয়ে ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগের চারেই থাকল ম্যানসিটি। আর এক ম্যাচ কম খেলে ছয়ে থাকা আর্সেনালের অর্জন ৫১ পয়েন্ট।

বিষয়:ইপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…