রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন নির্বাচন কমিশন। ইতোমধ্যে অনেকগুলো দল সংলাপে আগামী নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ দলের প্রস্তাবনা দিয়েছেন। ইসির সঙ্গে সংলাপে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সদস্যরা অভিন্ন প্রস্তাব উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিজেপির আব্দুল মতিন শৌধ, এনডিপির মনজুর হোসেন ঈসা, জাতীয় পার্টির (কাজী জাফর) এস এম শামীম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম ও ইসলামিক পার্টির অ্যাড. আবুল কাশেম প্রমুখ। বৈঠকে জামায়াতে ইসলামীর কাউকে দেখা যায়নি।
রাজনৈতিক দলের সঙ্গে ইসির চলমান সংলাপে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নিবন্ধিত ৮ দল অংশ নেবে। সংলাপে অংশগ্রহণকালে সবার প্রস্তাবনা যাতে একই রকম হয় সে জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।।
২০ দলীয় জোটের নিবন্ধিত ৮ দলটি হলো- বিএনপি, বিজেপি, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে ওলামায়ে ইসলাম ও বাংলাদেশ কল্যাণ পার্টি।
বৈঠক সূত্রে জানা যায়, ইসির সঙ্গে সংলাপে নির্বাচনকালীন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বর্তমান সংসদ ভেঙে দেয়া, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ কয়েকটি বিষয়ে প্রস্তাবনার প্রতি জোর দেয়া হয়েছে।








