ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে জয় পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপি হারানো আসনটি পুনরুদ্ধার করেন পুতুল।
গতকাল বৃহস্পতিবার রাতে নাটোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ফারজানা শারমিন পুতুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।
ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের পর দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন পুতুল।
ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় ফারজানা শারমিন পুতুল মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। যেসব নেতা-কর্মী নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা।”







