দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার আয়োজনের দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা তাদের প্রথম দিনের অফিস শুরু করেছেন।
শপথ নেয়ার পর আজ সোমবার তাদের প্রথম কর্মদিবস। এ দিন সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল এসে উপস্থিত হন।
সেসময়ে ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের নেতৃত্বে নতুন কমিশনকে ফুলদিয়ে বরণ করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
সিইসির সঙ্গী হিসেবে উপস্থিত অন্যান্য কমিশনাররা হলেন, সাবেক জেলা ও দায়রা জজ বর্তমান ইসি বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইসি আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব ইসি মো. আলমগীর ও সাবেক জ্যেষ্ঠ সচিব ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এদিন ইসির কনফারেন্স রুমে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার পর সাড়ে ১২ টায় হবে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন নতুন কমিশন। বিকাল ৪ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারা।
স্বাধীনতার ৫০ বছর দেশের ১৩তম আউয়াল কমিশনই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন সেই আইনের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এর আগেও সংবিধানে আইনের বাধ্যবাধকতা থাকলেও বিষয়টি মানা হতো না।
গতকাল রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, ‘মানুষের জীবনটাই চ্যালেঞ্জের। নির্বাচনও তাই। তাই চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না।’







