ইরানি জেম টিভি কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদ কারিমিয়ানকে (৪৫) তুরস্কের ইস্তানবুলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার কুয়েতি ব্যবসায়িক অংশীদারও নিহত হন।
ইস্তানবুলের মাসলাক এলাকায় সাইদ কারিমিয়ানের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে মুখোশধারী হামলাকারী। স্থানীয় সময় শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কারিমিয়ান। তার ব্যবসায়ীক অংশীদার হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিহত হন।
যে গাড়িটি ব্যবহার করে কারিমিয়ানকে হত্যা করা হয়েছে সে গাড়িটিও পরে পোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে তুরস্কের পুলিশ। ব্যবসায়িক দন্দ্বের কারণেও এই হত্যাকাণ্ড হতে পারে বলে তুরস্কের কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অতীতে কারিমিয়ানের অনুপস্থিতে তার বিরুদ্ধে তেহরান আদালতে বিচার হয়েছিলো। সেই বিচারে তাকে ছয় বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
জেম টিভি পার্সি ভাষায় সম্প্রচারিত হয়। বিদেশি ও পশ্চিমা অনুষ্ঠানগুলোকে পার্সি ভাষায় রূপান্তরিত করে তা ইরানে সম্প্রচার করে জেম টিভি। ইসলামী মূল্যবোধ বিরোধী অনুষ্ঠান প্রচার এবং পশ্চিমা সংস্কৃতি ছড়িয়ে দেয়ার অভিযোগ ছিলো চ্যানেলটির বিরুদ্ধে।
শুরুতে লন্ডনে প্রতিষ্ঠিত হওয়া জেম গ্রুপ বর্তমানে দুবাই পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এ গ্রুপের ১৭টি পার্সি ভাষার চ্যানেল রয়েছে। এছাড়া কুর্দি, আজেরি ও আরবি ভাষায় একটি করে চ্যানেল রয়েছে।








