পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার অধিবেশন আজ শনিবার নির্ধারিত সময়ে শুরু হয়নি।
নির্ধারিত সময়ে সংসদের অধিবেশন শুরু না হওয়ায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে বার্তা সংস্থা রয়র্টাস জানায়, শুক্রবার ইমরান খানের দলের আইনপ্রণেতারা বলেছেন, তারা যতটা সম্ভব ভোট বিলম্বিত করার চেষ্টা করবেন।
শনিবার সকালের দিকে সংসদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পর তা মুলতবি করেন স্পিকার আসাদ কায়সার। মুলতবি হয়ে যাওয়া অধিবেশন স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত অধিবেশন শুরুর হতে দেখা যায়নি।
ইমরান খান তার সরকারকে ক্ষমতাচ্যুত করার যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। চলমান সংকট দক্ষিণ এশিয়ার ২২ কোটি মানুষের এই দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
গত সপ্তাহেও ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট খারিজ করা হযেছিল। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট সেই পদক্ষেপকে অসাংবিধানিক ঘোষণা করে পার্লামন্ট পুনর্বহালের নির্দেশ দেন।







