বিশ্ব বিনোদনকে দেশের মানুষের হাতের মুঠোয় আনার পাশাপাশি দেশীয় নির্মাতাদের নাটক, সিনেমার সহযোগি হিসেবে গেল নভেম্বরের শুরুতেই বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিনোদন অ্যাপ আইফ্লিক্স। যেখানে গত ২০ ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তুমুল আলোচিত সিনেমা ‘ডুব’। আর এখানে ‘ডুব’ দেখার পর প্রচুর মানুষ ছবিটির প্রশংসা করে চিঠি পাঠাচ্ছেন নির্মাতাকে।
নানা বাধা বিপত্তির পর চলতি বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব। সিনেমাটি নিয়ে দর্শক মহলে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমালোচনাও কম হয়নি। প্রেক্ষাগৃহে সিনেমাটি আশানুরূপ সাড়া না পেলেও এবার প্রথমবারের মতো ইন্টারনেটে ডুব। আর এখানে ছবিটি দেখে অনেক দর্শক ভালোবাসা জানিয়ে নির্মাতাকে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন ফারুকী।
‘ডুব আইফ্লিক্সে যাওয়ার পর থেকে যারা ভালোবাসা জানিয়ে চিঠি পাঠাচ্ছেন, তারা কৃতজ্ঞতা জানবেন। এঁদের মধ্যে অনেকেই এর আগে ছবিটার বিরুদ্ধে জোর প্রচারনা চালিয়েছিলেন বলে জানিয়েছেন । অনেকে ছবিটা আগে কেনো দেখেননি, সেটা ব্যাখ্যা করেছেন। এখন দেখে কেনো ভালো লাগছে, সেটাও বলছেন। এইসব পড়ে মনে হইলো ডুব আর সিনেমা থাকে নাই। সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে পরিনত হইছিলো।’-আইফ্লিক্সের দর্শকদের প্রতিক্রিয়া জানার পর এভাবেই ডুব নিয়ে কথা বললেন ফারুকী। এমনকি ডুব বিতর্ক নিয়ে পরবর্তীতে বিস্তারিত লেখার ইচ্ছে পোষণ করেন নির্মাতা।
গত ২৭ অক্টোবর ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। এছাড়া অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।








