সাময়িক বিভ্রাটের পর আবার স্বাভাবিক হয়েছে ফেসবুকের মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিংয়ের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম।
বুধবার এই বিভ্রাটে পড়েন ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।
তবে ইনস্টাগ্রামের এই বিভ্রাট বেশিক্ষণ স্থায়ী হয়নি। রয়টার্স জানায়, ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকার পর তা সচল হয়। এখন এতে ছবি-ভিডিও পোস্ট করা যাচ্ছে।
এর আগে ইনস্টাগ্রামে কোনো ছবি-ভিডিও পোস্ট করতে গেলে, “ফিড রিফ্রেশ করা যায়নি” অর্থাৎ নতুন কোনো ছবি দেখা বা দেখানো যাচ্ছে না এই বার্তা দেখাচ্ছিল ইনস্টাগ্রাম।
ব্যস, এরপরই ইনস্টাগ্রাম নিয়ে টুইটারে ক্ষোভ-উদ্বেগ প্রকাশ করতে থাকেন ব্যবহারকারীরা।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইনস্টাগ্রাম।
বিশ্বের নামকরা গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ইনস্টাগ্রামের নতুন প্রধান হিসেবে অ্যাডাম মোসেরি দায়িত্ব পাওয়ার পর ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় এ মাধ্যমটি এমন বিভ্রাটে পড়লো।
প্রতি মাসে প্রায় ১০০ কোটি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন।










