ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসাবে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচে এসেও পাঁচের বেশি উইকেটের দেখা পেলেন নতুন টাইগার সেনসেশন মুস্তাফিজুর রহমান।
ওয়াসিম আকরামের মত বাঁহাতি স্পিড-স্টারকে যেখানে ক্যারিয়ারের প্রথমে দেখেছেন উত্থান পতন সেখানে মুস্তাফিজের এটি উড়ন্ত সূচনাই বলতে হয়।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতেই ৫ উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশেও জয় পায় ৭৯ রানের বিশাল ব্যবধানে।
১৯ বছর বয়সি এ বাঁহাতির কাটার, স্লোয়ার ও সুইংয়ে শিকার হয়ে প্যাভিলিয়নরে পথ ধরেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।
তবে তার নেয়া পাঁচ উইকেট ছাপিয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন মহেন্দ্র সিং ধোনির ‘ধাক্কাকান্ড’। পরবর্তী সময় জরিমানাও গুনতে হয় তাকে।
প্রথম দিনের ধারাবাহিকতায় আজও মুস্তাফিজের শিকার রোহিত শর্মা, সুরেশ রায়না, অশ্বিন ও জাদেজা। নতুন করে তার স্লোয়ার ও কাটারের শিকার ধোনি ও অক্ষর প্যাটেল। এতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ১৯ বছর বয়সি বাঁহাতি ফাস্ট বোলার।
এর আগের রেকর্ডটি ২০১১ সালে এই বাংলাদেশেরই বিপক্ষে। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার ঐ ম্যাচে ইতিসাসের প্রথম বোলার হিসাবে অভিষেকেই পরপর দুই ওয়ানডেতে পাঁচ উইকেট তুলে নেন ব্রায়ান ভেটোরি।






