ফুটবল

ইতালির রেকর্ড বাড়ানোর রাতে জয়ের ধারায় স্পেন

ফুটবল খেলোয়াড়রা জয়ের আনন্দে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে, আনন্দের মুহূর্তে একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিথুয়ানিয়ার জালে গোল উৎসব করেছে ইতালি। রবের্তো মানচিনির শিষ্যরা ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তুলেছে আরেকটি বড় জয়, বাড়িয়েছে টানা অপরাজিত থাকার রেকর্ড। একই রাতে কসোভোর মাঠে জয় তুলে তিন পয়েন্ট জমিয়েছে লুইস এনরিকের স্পেন।

বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে লিথুয়ানিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি। আজ্জুরিদের পাঁচ গোলের চারটি এসেছে ভিন্ন ভিন্ন চারজনের থেকে, একটি গোল প্রতিপক্ষের নিজেদের জালেই জড়িয়ে দেয়া।

এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও এগিয়ে নিলো ইতালি। এখন সেটি টানা ৩৭ ম্যাচ।

ম্যাচের ১১ মিনিটে মোইসে কিনের গোলে খাতা খোলে স্বাগতিকরা। ১৪ মিনিটে অতিথিদের এডগারাস উটকুস নিজেদের জালেই বল জড়িয়ে দিলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৪ মিনিটে জিয়াকোমো রাসপাডোরি ৩-০ করে দেন।

বিরতির আগেই আরেকটি গোল আদায় করে ইতালি। ২৯ মিনিটে ফেদেরিকোর বাড়ানো বলে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আনেন কিন। দ্বিতীয়ার্ধে ফিরেই, ম্যাচের ৫৪ মিনিটে ফেদেরিকোর বাড়ানো বলে বড় জয় নিশ্চিত করেন জিওভান্নি ডি লরেঞ্জো।

বাছাইয়ে ‘সি’ গ্রুপে শীর্ষেই আছে ইতালি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। ৪ ম্যাচে ৮ পয়েন্টে দুইয়ে সুইজারল্যান্ড। ৫ ম্যাচে কোনো পয়েন্ট নেই লিথুয়ানিয়ার।

রাতের আরেক ম্যাচে কসোভোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্পেন। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৩২ মিনিটে আলভারো মোরাতার বাড়ানো বলে পাবলো ফোর্নালসের গোলে লিড নেয় স্প্যানিশরা। অতিথিদের দ্বিতীয় গোলটি ফের্নান তোরেসের, বল বড়িয়েছিলেন মিকেল মেরিনো।

এই গ্রুপে ৬ ম্যাচে ১৩ পয়েন্টে শীর্ষে স্পেন। ৪ ম্যাচে ৯ পয়েন্টে দুইয়ে সুইডেন। ৫ ম্যাচে ৪ পয়েন্টে টেবিলের চারে আছে কসোভো।

বিষয়:ইতালি কাতার বিশ্বকাপ-2022 বিশ্বকাপ বাছাই স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…