বিশ্বকাপের ময়দানে ইংল্যান্ডের টাইব্রেকার ভাগ্য সুখকর ছিল না। আগে তিনবার টাইব্রেকে মুখোমুখি হয়ে সবকটি হারা ইংলিশরা রাশিয়ায় বাজিমাত করেছে। শেষ ষোলোয় কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে সেরা আটের টিকিট কেটেছে।
কী করে ঘটল এই অসাধ্য-সাধন? কী করে পাল্টে গেল চেনা ছবিটা? হ্যারি কেনের দল এর কৃতিত্ব দিচ্ছেন দলের মনোবিদ পিপা গ্রাঞ্জকে।
ইংল্যান্ডে জন্ম হলেও বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন পিপা গ্রাঞ্জ। এই চিকিৎসককে বছরখানেক আগে ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত করে দেশটির ফুটবল ফেডারেশন।
ফুটবলাররা জানিয়েছেন, দায়িত্ব নেয়ার পর প্রথমদিন থেকেই পেনাল্টি শুট আউটের উপরে কাউন্সেলিং করাতে থাকেন পিপা।
ইংলিশ ফুটবলারদের তিনি বুঝিয়েছিলেন, পেনাল্টি শুট আউট ব্যাপারটা পুরোটাই ভাগ্যের ওপর। যে জিনিস ভাগ্যের হাতে, সেই কাজ করার সময় খোলা মনেই করতে যাওয়া উচিত।
বড় টুর্নামেন্টের ইতিহাসে ইংল্যান্ডের পেনাল্টি ব্যর্থতা থাকলেও মূলত পিপার অনুপ্রেরণাদায়ক বক্তব্যেই টাইব্রেকারের গেরো খুলেছে ইংল্যান্ড।
এরআগে ১৯৯৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের আসরে এবারই প্রথম।







