ইংলিশ ক্লাব সাসেক্সের হয়ে ক্রিকেট খেলতে ইংল্যান্ড রওনা হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। সব কিছু ঠিক থাকলে আগামীকালই এ তরুণ কাটার মাস্টারের এসেক্সের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে। সব ধরনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় দ্য ফিজের।
সাকিব, তামিমের পর তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভিসা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ পর বুধবার সকালে ইংল্যান্ড রওনা হন তিনি। ঢাকায় ইংল্যান্ড সিরিজের আগে দেশে ফেরার কথা রয়েছে তার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইনজ্যুরি নিয়ে ফিরলেও পুরোপুরি ফিট হয়েই ইংল্যান্ড যাচ্ছেন তিনি। সেখানে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে তিনি সাতটি ম্যাচ খেলতে পারেন। গ্রুপ পর্বে উতরে গেলে ম্যাচের সংখ্যা বাড়বে।
ঢাকা ছাড়ার আগে এ বাঁ হাতি পেসার জানিয়েছেন, সুযোগ পেলে সাসেক্সের হয়ে সেরাটাই দেবেন তিনি। মুস্তাফিজ বলেন, আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন। সাসেক্সের মতো বড় টিমে খেলতে পারলে নিজেকে ধন্য মনে করবেন বলেও জানান তিনি। দেশবাসীর কাছে দোয়া চান মুস্তাফিজ, যেন দেশের সম্মান রাখতে পারেন।
আজ রাতে লন্ডনে পৌঁছার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইংলিশ ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি লিগ খেলতে ‘দ্য ফিজের’ মাঠে নামার কথা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় এসেক্সের বিপক্ষে মুস্তাফিজের সাসেক্সের ম্যাচ শুরু।







