প্রিমিয়ার লীগে শনিবারের খেলায় ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি দাপুটে জয় পেয়েছে। রহিম স্টার্লিং এর হ্যাটট্রিকে বোর্নমাউথের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দিনের অপর খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে এভারটনকে এবং চেলসি ২-০ ব্যবধানে অ্যাশটন ভিলাকে পরাজিত করে।
ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পাওয়া রহিম স্টার্লিং এর সাথে জোড়া গোল করেন উইলফ্রাইড বোনি। ম্যাচের শুরুতেই ৭ম মিনিটে প্রথম গোলটি করেন স্টার্লিং। এর পর চার মিনিটের ব্যবধানে বোনির গোলে এগিয়ে যায় ম্যান সিটি। পরে ২৯ এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে স্টার্লিং এর গোলের পর ম্যাচের শেষ সেময়ে এসে ৮৯ তম মিনিটে গোল করেন বোনি। ম্যাচের ২২ তম মিনিটে বোর্নমাউথের হয়ে একমাত্র গোলটি করেন গ্লেন মুরে।
অপর দিকে মর্গান স্নেইডারলিন, এন্ডার হেরেরা এবং ওয়েইন রুনির গোলে এভারটনকে ৩-০ গোলের ব্যবধানে হারায় রেড ডেভিলরা। আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে হারের পর জয় পেলো লুইস ভন গালের ম্যান ইউ।
এছাড়াও ডিয়েগো কস্তা এবং এলান হিউটনের আত্মঘাতি গোলে ২-০ ব্যবধানে অ্যাশটন ভিলাকে হারিয়েছে চেলসি।






