কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানিয়েছেন, গত অর্থবছরে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, গমসহ বিভিন্ন ফসল ইঁদুরে খেছেয়ে।
রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা জানান কৃষিমন্ত্রী।
তিনি আরো জানান, ‘প্রতি টন ধানের মূল্য ১৮ হাজার ৫শ’ টাকা, প্রতি টন চালের মূল্য ৩২ হাজার টাকা এবং প্রতি টন গমের মূল্য ২৮ হাজার টাকা। গত অর্থ বছরে ইঁদুরে ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা।
কৃষিমন্ত্রী বলেন, চালের ক্ষতির পরিমাণ প্রায় ৬২ হাজার ৭৬৪ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ২শ’ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা এবং গম ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ২৯ হাজার ৬৬০ মেঃ টন। যার বর্তমান বাজার মূল্য ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।






