রাশিয়ার দাবি মেনে বাসার আল-আসাদকে ক্ষমতায় রেখেই সিরিয়া সংকট সমাধানে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রুশ দাবি মেনে বলেছেন, আসাদের ভবিষ্যত নির্ধারণ করবে সিরিয়ার জনগণই। এর ফলে যুদ্ধ শুরু পর থেকে চলা রুশ-মার্কিন মতবিরোধের হয়তো একরকম সমাপ্তি ঘটলো।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে এক আলোচনার পর কেরি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এখন আর সিরিয়ার তথাকথিত সরকারকে পরিবর্তন করতে চায় না।’
বাসারকে ক্ষমতায় রেখে কিভাবে সিরিয়া সংকটের সমাধান করা যায় তা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন চলতি সপ্তাহের শেষ দিকে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুদ্ধ শুরুর পর গত চার বছর ধরেই আসাদ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। কিন্তু আসাদের অন্যতম আন্তর্জাতিক মিত্র রাশিয়ার সঙ্গে আলোচনার পর জন কেরি বলেন, ‘আসাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে কি করা যায় বা কি করতে পারি তা নিয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। এটা শান্তি আলোচনার উপর নির্ভর করে। তবে সিরিয়ার জনগণই আসাদের ভবিষ্যত নির্ধারণ করবে।’
মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ক্রমবর্ধমান অগ্রগতির কারণে আসাদ বিষয়ে মার্কিন নীতির এই পরিবর্তন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মার্কিন প্রেসিডেন্ট বারকা ওবামা ২০১১ সালে প্রথম আসাদের ক্ষমতা ছাড়ার কথা বলেছিলেন। ওবামা তখন বলেছিলেন, ‘আসাদকে অবশ্যই যেতে হবে।’






