চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন ব্রাজিলের রাইটব্যাক আলভেজ। ফিফাডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে আলভেজ বলেছেন সবকিছু ছাপিয়ে ঘুরে দাঁড়াবে মেসির আর্জেন্টিনা, রাশিয়া বিশ্বকাপেও খেলবে তারা।
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন আলভেজ। রয়েছে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অন্যদিকে আরেক বার্সা তারকা ব্রাজিলের পোস্টারবয় নেইমার নিজের আদর্শ মনে করেন মেসিকে। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও খেলোয়াড়দের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ মনোভাব।
রাশিয়া বিশ্বকাপ নিয়ে শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার কাছে হেরে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে তারা। এরমধ্যে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। মেসিকে ছাড়া খেলা কতটা কঠিন তা হাড়েহাড়েই আঁচ করতে পারে আকাশী-সাদা জার্সিধারীরা। যে যাই বলুক আর্জেন্টিনা যে বিশ্বকাপে খেলবে সে বিষয়ে সংশয় নেই ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজের।
ব্রাজিলের রাইটব্যাক বললেন, ‘আর্জেন্টিনা ফুটবলের পরাশক্তি। ওদের মেসি, মাসচেরানো, দিবালাদের মত দারুণ সব খেলোয়াড় আছে। সেরাদের ছাড়া বিশ্বকাপের কথা চিন্তা করা কঠিন। আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপেও খেলবে।’







