টি-টুয়েন্টি বিশ্বকাপে দলে থেকেও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি নাসির হোসেনের। উল্টো শুনতে হয়েছে ‘সিরিয়াসনেস নেই’ এমন অপবাদ। ডাগআউটে বসে বসে বিশ্বকাপ শেষ করা নাসির হোসেনের বর্তমান ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার নতুন ক্লাবের হয়ে মাঠে নামার আগে বিসিবিতে এসে নাসির হোসেন কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।
চ্যানেল আই অনলাইন: নাসির, বিশ্বকাপটা শেষ হলো না খেলেই, এবার ঢাকা লিগ- প্রস্তুতি কেমন ?
নাসির: মানসিকভাবে তৈরী আছি। আগামী কয়েক দিনের মধ্যেই প্রাইম দোলেশ্বরের প্র্যাকটিস শুরু হবে, ব্যস্ত হয়ে যাবো সবাই।
চ্যানেল আই অনলাইন: নতুন ক্লাব, নতুন সময়, সব কিছুই কি তাহলে নতুনভাবে করতে হচ্ছে?
নাসির: নাহ, প্রিমিয়ার লিগেতো আর আমি নতুন না। আগেও খেলেছি। এবার প্রাইম দোলেশ্বরের পক্ষে লিগ খেলবো, তাই চেস্টা থাকবে নিজের ক্লাবের জন্য সেরাটা ঢেলে দিতে।
চ্যানেল আই অনলাইন: বিশ্বকাপে একটা ম্যাচেও সুযোগ পেলেন না, এখানে কি নিজেকে নতুন করে প্রমাণ করার কোন চেষ্টা থাকবে?
নাসির: নাহ, প্রমান করার কি আছে। যেটা হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবতে চাই না। ভাবার দরকারও মনে করি না আমি। শুধু ক্রিকেটটা ভালো করে খেলে যেতে চাই। আমি এমনই, যেখানেই খেলি আমার মতো খেলি। তাই মনে করি প্রমাণ করার কিছু নেই, আমি নাসির হোসেনই আছি।
চ্যানেল আই অনলাইন: দর্শকতো আগের নাসিরকে দেখতে চায়?
নাসির: লিগে চেষ্টা করবো অলরাউন্ড পারফরম্যান্স ধরে রাখতে এতে আমার ক্লাব এবং নিজেরও উপকার আছে। দোয়া করবেন। আর কথা বলা যাবে না, মিডিয়ায় বেশি কথা না বলাই ভালো।
চ্যানেল আই অনলাইন: লিগের জন্য আগাম শুভ কামনা।
নাসির: ধন্যবাদ







