বাংলাদেশ সফরকে নিরাপদ মনে করছেন টাইগারদের ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। তার বিশ্বাস ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে।
রোববার গণমাধ্যমে রিচার্ড হ্যালসেল বলেন, ‘আমি আশাবাদী ইংল্যান্ড সিরিজ যথাসময়ে হবে। আমি মনে করি ইংল্যান্ড সারা বিশ্বে ক্রিকেট খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের অনূর্ধ্ব-১৯ দল এখানে বিশ্বকাপ খেলেছে। তখনকার থেকে এখন বাংলাদেশের পরিস্থিতি ভাল। কারণ এখন নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি পেয়েছে।’
হ্যালসেল বাংলাদেশকে ‘নিরাপদ’ জানিয়ে আরো বলেন, ‘আমি মনে করি তাদের বাংলাদেশে সফর নিরাপদ। তবে এটা ইসিবির একক সিদ্ধান্ত তারা ক্রিকেটার পাঠাবে কী পাঠাবে না। নিশ্চতভাবেই নেতিবাচক সিদ্ধান্ত ভিন্ন পরিস্থিতি তৈরি করবে। আমি আশাবাদী ইংল্যান্ড আসবে। আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রয়োজন।’
গুলশান হামলার পর বাংলাদেশ সফর নিয়ে নিজেদের উদ্বেগ্নের কথা জানায় ইসিবি। বাংলাদেশ সফর নিয়ে গত ১৫ জুলাই ইসিবি তাদের ক্রিকেটারদের পর্যাপ্ত নিরাপত্তা এবং ট্র্যান্সপোর্ট সুবিধার ধরন কেমন হবে, তা জানতে চেয়ে চিঠি দেয় বিসিবিকে। বিসিবিও নিরাপত্তা পরিকল্পনা পাঠায় ইসিবিকে।
সূচি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার কথা ইংল্যান্ডের ওয়ানডে দলের। ৩ দিনের অনুশীলন শেষে ৪ অক্টোবর ফতুল্লায় একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ৭ ও ৯ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সবক’টি ম্যাচই হবে দিবারাত্রির।
এছাড়া১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২০ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকার মিরপুরে।










