ঠিক ৬ বছর ৭ মাস ২৯ দিন পর সাউথ আফ্রিকার সঙ্গে টি-টুয়েন্টি ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দলের সব শেষ দেখা সেই ২০০৮ সালের ৫ নভেম্বর, জোহানেসবার্গে।
সে ম্যাচেও বাংলাদেশ দলে ছিলেন এবং রোববারের ম্যাচে আছেন- এমন ক্রিকেটার ৩ জন। তারা হলেন; তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। আর সাউথ আফ্রিকার হয়ে ওই ম্যাচে খেলেছিলেন এবং এই ম্যাচেও খেলবেন- এমন আছেন ২ জন। তারা হলেন; এবি ডিভিলিয়ার্স এবং জেপি ডুমিনি।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামের ওই ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ ১২ রানে হারলেও ১৬ রান খরচে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশী স্পিনার আব্দুর রাজ্জাক।
প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে একজন স্পিনারের এমন সাফল্যই হয়তো নির্বাচকদের উৎসাহ দিয়েছে অফ স্পিনার সোহাগ গাজীকে ফিরিয়ে আনতে। নিজের নতুন বোলিং অ্যাকশন নিয়ে দলে ফিরেই টাইগারদের বেস্ট ইলেভেনে ঢুকে যেতে পারেন গাজী।
যদিও সেরা ১১’র বা প্লেয়িং ইলেভেনের তালিকা পেতে পেতে আপনাকে অপেক্ষা করতে হবে টস পর্যন্ত। কারা থাকবেন ২২ গজে আর কারা বসবেন ডাগ-আউটে?
এটা ঠিক করবেন হাথুরুসিংহে আর মাশরাফি মিলে। আমরা শুধু সম্ভাব্য তালিকাটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেত পারি। এবং তা স্বাধীনভাবেই করতে পারি। তাতে দোষের কিছু নেই। তালিকা মিলে গেলে তো গেলোই, না মিললেও কারও কোনো দায় থাকবে না। চলুন সাজাই টিম-টাইগার্সের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তামিম ইকবাল, লিটন দান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান এবং আরাফাত সানি।
ডাগ-আউটে থাকতে পারেন: রুবেল হোসেন, জুবায়ের হোসেন এবং রনি তাুলকদার।
সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় এবং নিজেদের ৪৩তম টি-টুয়েন্ট ম্যাচ খেলতে বাংলাদেশ। এর আগের ৪২টি টি-২০ ম্যাচ খেলে ১২টি জয় আছে বাংলাদেশের।







