এক, দুই, তিন, চারের পর এবার পঞ্চম সন্তানের বাবা হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মিডিয়ার খবর, আবারো অন্তঃসত্ত্বা তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
গত সোমবার ইউরো-২০২০ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন সিআর সেভেনের বান্ধবী।
ম্যাচে অবশ্য পুরোটা সময় খেলতে পারেননি রোনালদো। হাফটাইমের আগেই ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তবে রিয়াল মাদ্রিদের সাবেক তারকার জন্য ইনজুরি খবরটা কষ্টের হলেও পর্তুগিজ মিডিয়া বলছে, ভেতরে বড় খবর আছে। সেই বড় খবর বলতে, তার আবারো বাবা হওয়ার কথাই জানাচ্ছে তারা।
রোনালদোর সম্ভাব্য বাবা হওয়ার খবর প্রথম প্রকাশ করে পর্তুগিজ দৈনিক ‘কোরিও দ্য মানহা’। পত্রিকাটি জানায়, সার্বিয়া ম্যাচ দেখতে বেশ ঢিলেঢালা পোশাকে মাঠে এসেছিলেন জর্জিনা। কিন্তু তাতেও মা হওয়ার চিহ্ন আটকাতে পারেননি তিনি। ম্যাচ শেষ হওয়ার আগেই ‘কোরিও দ্য মানহা’র প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে এখনো পর্যন্ত এমন খবরের বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
খবর সত্যি হলে, জর্জিনার সঙ্গে এটা হবে রোনালদো দ্বিতীয় সন্তান। আর সবমিলিয়ে পঞ্চম।
এর আগে সারোগেশন পদ্ধতির মাধ্যমে রোনালদোর যমজ সন্তানের জন্ম হয়। এই পদ্ধতিতে অন্য মায়ের গর্ভে কৃত্রিম উপায়ে সন্তান ধারণ করানো হয়। তাই জানা যায়নি কে ওই দুই জুনিয়রের মা। অবশ্য রোনালদোর প্রথম ছেলের মায়ের পরিচয়ও গোপন রাখা হয়েছে।








