স্পোর্টস

আবারও ক্রিকেট মাঠে মোহাম্মদ আশরাফুল

আবারও ক্রিকেট মাঠে মোহাম্মদ আশরাফুল

আবারও ক্রিকেট মাঠে মোহাম্মদ আশরাফুল। তবে বাংলাদেশের জার্সিতে নয়, বৃহস্পতিবার অ্যাশ মাঠে নেমেছিলেন ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে।

জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়েও অবশ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে ৩ উইকেটে হেরে গেছে আশরাফুলের দল দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিক্স-এ-সাইড টুর্নামেন্টে ব্যাট হাতে নেমে আশরাফুল কিছুক্ষণের জন্য তার স্বর্ণ সময়ের কথা মনে করিয়ে দিয়েছিলেন। মারমুখি ব্যাটিংয়ে ১৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।

তার বলপ্রতি প্রায় চার রানের ইনিংসে ইন্ডিপেন্ডেন্টকে ৮৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ প্রতিদিন। কিন্তু বল হাতে সুবিধা করতে পারেন নি মিডিয়া কাপে পেশাদার ক্রিকেটার কোটায় খেলা মোহাম্মদ আশরাফুল। তার ওভার থেকে ১৫ রান তুলে ৩ উইকেটে ম্যাচ জিতে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

পেশাদার কোটায় অপেশাদার ক্রিকেট খেললেও পেশাদার ক্রিকেটে এখনও নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের নিষেধাজ্ঞায় আছেন তিনি।

গত বিশ্বকাপে অবশ্য তিনি টেলিভিশনে বিশেষজ্ঞ মত দিয়েছেন।

নিষিদ্ধ হওয়ার আগে ১৭৭টি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তিন সেঞ্চুরি এবং ২০টি অর্ধশতকসহ তিন হাজার ৪৬৮ রান করেছেন তিনি। ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৬১টি। অর্ধডজন সেঞ্চুরি আর আট ফিফটিসহ তার টেস্ট রান দু’ হাজার ৭৩৭।

বিষয়:মিডিয়া কাপমোহাম্মদ আশরাফুল
প্রতিবেদক

আরিফ চৌধুরী

স্টাফ রিপোর্টার, চ্যানেল আই

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…