পরিবারসহ আফগানিস্তান ছাড়লেন প্রসিদ্ধ নির্মাতা শাহরবানু সাদাত। সোমবার প্রযোজক কাটজা আদোমেইত বিষয়টি নিশ্চিত করেছেন।
আদোমেইত ফিল্মের প্রধান নির্বাহী কর্মকর্তা আদোমেইত জানিয়েছেন, ভিড়ের কারণে পরিবারের নয় সদস্য সহ নিরাপদে তালেবান চেক পয়েন্ট পার হতে পেরেছেন সাদাত। বর্তমানে তিনি আবু ধাবিতে আছেন। শিগগির ইউরোপের বিমান ধরবেন। তার যাতায়াতের খরচ বহন করছে ফ্রান্সের সরকার। এছাড়াও বিশ্বের নানা স্থানের মানুষ সহায়তা করছেন সাদাতকে।
আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার পরে হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে সাদাত জানিয়েছিলেন তার উৎকণ্ঠার কথা। বলেছিলেন, তিনি অপেক্ষায় আছেন এয়ারপোর্ট খোলার। বিমান চালু হলেই তিনি দেশ ছাড়বেন পরিবার নিয়ে।
নির্মাতা আরও বলেছিলেন, ‘আমি যদি এই যাত্রায় বেঁচে যাই, তাহলে এই ঘটনাগুলো নিয়ে সিনেমা তৈরি করবো। আমার সিনেমা বদলে যাবে চিরদিনের জন্য। আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচতে পারলে এখন যা দেখছি সেগুলো সিনেমায় তুলে ধরতে পারবো, পৃথিবীকে জানাতে পারবো।’
আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন শাহরবানু সাদাত। ২০১৬ সালে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে ‘উলফ অ্যান্ড শিপ’ ছবির জন্য ‘ডিরেক্টরর্স ফোর্টনাইট’ পুরস্কার জিতেছিলেন তিনি। এটি ছিল তার প্রথম ফিচার ছবি। তিন বছর পরে ‘দ্য অরফানেজ’-এর জন্য আবারও ‘ডিরেক্টরর্স ফোর্টনাইট’ পুরস্কার জিতেছিলেন শাহরবানু সাদাত। ভ্যারাইটি








