কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় মিছিলে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।
চকরিয়া থানার ওসি ওসমান গনি জানান, রোববার দিবাগত রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের হাফেজখানা সড়কে এ হামলার ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) চকরিয়ার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঢেমুশিয়া পাড়ার আবুল মকসুদের ছেলে।
তিনি ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগ্নে। হামলায় আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ওসি ওসমান বলেন, রোববার দিবাগত রাতে চকরিয়ার বদরখালীতে ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীর কর্মি-সমর্থকদের আনন্দ মিছিলে পরাজিত এক স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, রোববার রাতে বদরখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে তিনি জয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি ইউনিয়নের গাউসিয়া মসজিদের হেফজখানা সড়ক এলাকায় পৌঁছলে দলের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের শতাধিক কর্মি-সমর্থক ওই মিছিলে হামলা চালায়। এতে গিয়াস উদ্দিন মিন্টুসহ অন্তত ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে গিয়াস উদ্দিন মিন্টুর মৃত্যু হয়। অন্যরা সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ব্যাপারে চকরিয়া থানা পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে বলে জানান নবনির্বাচিত এ ইউপি চেয়ারম্যান।
চকরিয়া থানার ওসি ওসমান জানান, নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নথিবদ্ধ করা হবে। তারপরও ঘটনায় জড়িতদের শনাক্ত করে পুলিশ গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।








