পুরো এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) কয়েক সপ্তাহ ধরে বইছিল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনী হাওয়া। সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ (২৫ জানুয়ারি)। সকাল নয়টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি।
সিনেমার পরিচালকদের এই নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকবেন আবদুল লতিফ বাচ্চু। আরও দুই সহকারী কমিশনার হিসেবে থাকবেন শফিকুর রহমান, ডি এইচ নিশান। নির্বাচন কমিশনের আশা, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দুই প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। তাদের সঙ্গে থাকছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৪২ থেকে ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জনকে পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে। ২০১৯-২০ মেয়াদে পরিচালক সমিতির নির্বাচনে মোটা ভোটার ৩৬২ জন।
একটি প্যানেল থেকে থাকছেন বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাদল খন্দকার এবং মহাসচিব পদে থাকছেন বজলুর রাশেদ চৌধুরী। নির্মাতা সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন।










