আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দু’টি দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে। এই ম্যাচে যারা হারবে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ বাঁচা-মরার লড়াই।
এই ম্যাচে চিন্নাস্বামীর পিচের বৈশিষ্ট্য আর দু’দলের সম্ভাব্য সুবিধা-অসুবিধা নিয়ে সংক্ষেপে একটি বিশ্লেষণাত্মক স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী সিনিয়র ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটো। ফেসবুকে পোস্ট করা ওই স্ট্যাটাসে টিটো লিখেছেন:
‘ব্যাংগালোরের চিন্নাস্বামীতে শুধু ছক্কার বন্যাই বয় না (আইপিএলে সবচাইতে বেশি ছক্কার রেকর্ড এই মাঠে), উইকেট পড়তেও সময় লাগে না। গতকাল (টিভিতে) দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা খেলাটি। শুরু থেকে উইকেটও পড়ছিলো টপাটপ। স্পিনাররা বল ঘুরাচ্ছিলো ইচ্ছামতন। কাজ হয়ে যাচ্ছিলো খাটো লেন্থ, ওভার পিচ ডেলিভারি সব কিছুতে। মিডিয়াম, স্লো মিডিয়াম বোলাররাও ফায়দা লুটেছেন কম বেশি।
আশা করছি সাকিবরা কর্তৃত্ব করতে পারবেন আজ। পেইস বোলারদের মধ্যে ম্যাশের বল এফেক্টিভ হবে মনে হচ্ছে। মুস্তাফিজ খেললে ওর কাটারটা বিপজ্জনক হয়ে উঠতে পারে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের জন্য।
ব্যাটিংয়ে কেনো জানি মনে হচ্ছে সাব্বির বা সৌম্যর একজন বড় ইনিংস খেলে ফেলবেন।
এই সবই পিচের আচরণ আর অতীতের স্ট্যাট দেখে অনুমান।
প্রতিপক্ষ দলের নাম অস্ট্রেলিয়া – এটাও মনে রাখছি। এইসব হিসাব-নিকাশে আমাদের চেয়ে ওদেরই এগিয়ে থাকার কথা।
অন্যদিকে, বাংলাদেশের প্রায় সবাই যা নিয়ে ভয় পাচ্ছেন যে তাসকিন-সানি ঘটনার নেগেটিভ প্রভাব পড়বে দলের পারফরমেন্সে – আমি তা মনে করি না।
আমার মনে হচ্ছে ভীষণ উজ্জীবিত হয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।
শেষমেশ ফলাফল যা-ই হোক, অস্ট্রেলিয়ার জন্য সহজ হবে না এই ম্যাচ – মন বলছে।’







