শিক্ষা

আগামী সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল?

আগামী সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল?

আগামী ৩১ মার্চের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করার পথে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুতেই ডাকসুর তফসিল ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

রোববার সন্ধ্যায় ডাকসু নির্বাচন পরিচালনার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ডাকসু নির্বাচনের জন্য গঠনতন্ত্র সংশোধন, শিক্ষার্থীদের খসড়া ডাটাবেইস, প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়াও দফায় দফায় সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক, টিএসসিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সভায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের নিকট সহযোগিতা চেয়েছেন তিনি।

রোববার রাতে ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গেও আলোচনা করবেন উপাচার্য।

তফসিল ঘোষণার ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বলেন, ডাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ডাকসুর সভাপতি হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার রাখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

‘‘আগামী সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুতে উপাচার্য ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। তবে গঠনতন্ত্র সংশোধন, শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরি, আচরণবিধি প্রণয়নের মতো কারিগরি সমস্যার কারণে একটু বিলম্বও হতে পারে। তবে এই সময়ের মধ্যে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।’’

বিষয়:কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…