মার্কিন নৌঘাঁটির তথ্য সংগ্রহের চেষ্টা, দুই চীনা নাগরিক দণ্ডিত

ছবি : সংগৃহীত
মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের গুপ্তচর হিসেবে নিয়োগের চেষ্টা করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই চীনা নাগরিককে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তাদের প্রত্যেককে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাভোগের পর আরও তিন বছর তাদের নজরদারির আওতায় থাকতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দণ্ডিত দুই ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সী ইউয়ানসে চেন। তারা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যের বিনিময়ে গোপন স্থানে নগদ অর্থ রেখে আসার ব্যবস্থা করেছিলেন তারা। গোয়েন্দা কার্যক্রমে এ পদ্ধতি ‘ডেড ড্রপ’ নামে পরিচিত।
আদালতের নথি অনুযায়ী, লাই ও চেন অন্তত ২০২১ সালের মে মাস থেকে চীনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) এজেন্ট হিসেবে কাজ শুরু করেন।
জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ বলেন, এই দুজন মার্কিন জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে এবং যুক্তরাষ্ট্রে চীনের গোয়েন্দা কার্যক্রম ও লোক নিয়োগের লক্ষ্যে ‘দীর্ঘস্থায়ী’, ‘বিস্তৃত’ ও ‘নির্লজ্জ’ পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন।
২০২২ সালের মে মাসে তারা চীন থেকে ১০ হাজার ডলার গোপনে পাঠানোর ব্যবস্থা করেন। নির্দিষ্ট স্থানে অর্থ রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হতো, পরে অন্য কেউ তা সংগ্রহ করতেন। একই পদ্ধতিতে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেছিলেন তারা বলে জানান আইজেনবার্গ।
এ ছাড়া একটি নৌঘাঁটি, সামরিক বাহিনীর নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য এবং কর্মরত নৌসেনাদের ছবি সংগ্রহ করেন তারা। মার্কিন নৌবাহিনীর এক কর্মীর ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করেছিলেন চেন।
২০২৫ সালের জুনে তাদের গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়। পরে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে আগাম অনুমতি ছাড়া কাজ করা এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে তারা দোষ স্বীকার করেন। তবে তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কতজনকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছিল, সে বিষয়ে কিছু জানায়নি বিচার বিভাগ।





