ইংল্যান্ডের মতো দলের সঙ্গে দূর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ার আক্ষেপ রয়েছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে দলের পারফরম্যান্সে উচ্ছসিত মুশফিক মনে করেন, এই ম্যাচ থেকে তাদের অর্জন নেহায়েত কম নয়, যা হতে পারে পরবর্তী লড়াইয়ের অনুপ্রেরণা।
১৪ মাস পর টেস্ট ক্রিকেটের কঠিন প্লাটফর্মে শক্তিশালি ইংল্যান্ডের সঙ্গে জিততে জিততেও হারতে হয় বাংলাদেশকে। আক্ষেপ আছে, তবে সন্তুষ্টিও কম নেই । বিশেষ করে বোলারদের চমৎকার পারফরম্যান্সে দুই ইনিংসে ইংল্যান্ডকে অলআউট করা, তামিম-সাব্বিরের ব্যাটিং, এগুলোকেই প্লাস পয়েন্ট মানছেন টেস্ট অধিনায়ক।
মুশফিকুর রহিম বলেন, ২ উইকেট হাতে নিয়ে ৩৩ রান অনেক কঠিন সমীকরণ। ম্যাচ প্রায় ৯০ ভাগ ওদের দিকেই হেলে ছিল। ওদের টেলএন্ডাররা অনেক ভালো, ১১ জনেরই ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আছে। আমাদের তেমন কেউ নেই। আমাদের কারও সেঞ্চুরি থাকলেও ওদের সেঞ্চুরির সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেটের সেঞ্চুরির আকাশ-পাতাল ফারাক।
জয়ের জন্য দুই উইকেট নিয়ে শেষদিনের ৩৩ রানের সমীকরণকে কঠিন মানছেন। স্বীকার করলেন এটা ক্যারিয়ারের অন্যতম স্মরনীয় টেস্ট। নিয়মিত টেস্ট ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার হতাশাও আছে অধিনায়কের। 
মুশফিক বলেন, খারাপ লাগছে অবশ্যই। হয়ত জিততে পারতাম। তবে আমাদের জন্য ব্যাপারটি জয়-হারের নয়। হতাশ নই। ১৫ মাস পর কেউ এতটা আশা করতে পারে না। টেস্ট জিতলেই যে আমরা আহামরি কিছু হয়ে যেতাম সেটাও না।
তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম যেন ধারাবাহিক ক্রিকেট খেলতে পারি। একটা সেশন ভাল, আরেকটা খারাপ যেন না হয়। দিনে দিনে যেন উন্নতি করতে পারি। এই টেস্টে চারটা দিন আমরা ওদের ঘাড়ে নিশ্বাস ফেলেছি। এটাই প্রমাণ করে আমাদের ছেলেরা অনেক পরিণত হচ্ছে এখন। এটা দারুণ ইঙ্গিত।
পাঁচদিনের জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত জয়ে স্বস্তি ইংলিশ কাপ্তান অ্যালিস্টার কুকের। আগের দিনই ম্যাচের নিয়ন্ত্রণ পাওয়ায় অনেকটা চাপমুক্ত হয়ে শেষ দিন খেলতে নেমেছেন এমনটাই জানিয়েছেন। দলের বোলারদের প্রশংসাও তার কণ্ঠে।
ইংলিশ অধিনায়ক বলেন, ম্যাচের প্রথমদিনের প্রথম সেশন দেখার পর আমি ভাবিনি ম্যাচটা পঞ্চম দিন পর্যন্ত যাবে। তবে অবশেষে আমি পুরোপুরি স্বস্তি পাচ্ছি। ব্যাটিংয়ে আমাদের সবাই পারফরম্যান্স করতে পারেনি তা ঠিক। অনেকেই খুব ভালো পারফরম্যান্স করেছে। পাশাপাশি আমাদের বোলাররা বাংলাদেশের ২০ উইকেট তুলে নিতে পেরেছে।
দুই অধিনায়কেরই আশা প্রথমটির মতো দ্বিতীয় টেস্টেও হবে জমজমাট লড়াই।








