মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা নবম টি-টুয়েন্টি বিশ্বকাপে সবার আগে দল দিয়েছিল ইংল্যান্ড। পরে দলে সুযোগ পাওয়া সব খেলোয়াড়কে আইপিএল থেকে ডেকে পাঠায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাঞ্জাব কিংসের কোচ সঞ্জয় বাঙ্গার। বলেছেন, ইসিবি নিলামের আগে নিশ্চয়তা দিয়েছিল আইপিএল ২০২৪ এ খেলোয়াড়দের পাওয়া যাবে।
ফ্র্যাঞ্চাইজিগুলো প্লে-অফের আগে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়েছে। তাদের মধ্যে রাজস্থান রয়্যালসের জশ বাটলার, কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইল জ্যাকস ও রিচি টপলে, পাঞ্জাব কিংসের স্যাম কারেন ও লিয়াম লিভিংস্টোন।
বাঙ্গারের তথ্যমতে, ‘যখন আমরা নিলামের জন্য গিয়েছিলাম, ইসিবি পরিষ্কার বলেছিল সব খেলোয়াড়কে পাওয়া যাবে। ঘটনা এমন ঘটেছে, বেশকিছু কারণে আসরটির সময় কিছুটা বেড়ে গেছে। সবার সাথেই এমন হয়েছে। কিন্তু আমরা ওইসব ইংলিশ খেলোয়াড় হারিয়েছি।’
লিগপর্বে পাঞ্জাব শেষ ম্যাচ খেলার আগপর্যন্ত মাত্র দুজন বিদেশি খেলোয়াড় অবশিষ্ট ছিল দলে। তারা অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এবং সাউথ আফ্রিকার রাইলি রুশো।
চোট এবং খেলোয়াড়দের চলে যাওয়া নিয়ে বাঙ্গার আরও বলেছেন, ‘আমাদের থেকে লিভিংস্টোনকে ইসিবি নিয়ে নিল সামান্য চোট দেখিয়ে। এমনকি কাগিসো রাবাদা ইনফেকশনে সাউথ আফ্রিকা চলে গেল। এ ঘটনা ঘটে শেষ দুই ম্যাচের আগে। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় কম পড়ে গেল। কিন্তু সেটাই আমাদের এমন হতশ্রী পারফরম্যান্সের একমাত্র কারণ নয়।’
আসরে তলানিতে থাকা দলের দুইয়ে অর্থাৎ, নয়ে আছে পাঞ্জাব কিংস। ১৪ ম্যাচ খেলা দলটির জয় পাঁচটি, হার নয়নি। কাল কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। পরদিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।







