কক্সবাজারের ঈদগড় থেকে ৩ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালা নামক কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আবু তৈয়ব, তার ছেলে আবু বক্কর ও শাহ আলম।
ঈদগড় পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইউসুফ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্স যোগে বাইশারীতে ফিরছিলেন ৩ জন। ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালায় পৌঁছালে সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্সটি থামিয়ে ইউপি সদস্য আবু তৈয়ব, আবু বক্কর ও শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স, চালক ও রোগীকে রেখে যায় তারা।
কী কারণে অপহরণ করা হয়েছে কিংবা কারা অপহরণ করেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে তাদের উদ্ধারে অভিযান চলছে।







