অ্যান্ড্রয়েড ডিভাইসের লোকেশন সার্ভিস চালু থাকলে লোকেশন সংক্রান্ত সব তথ্য জমা থাকে গুগলের কাছে, এটি পুরনো তথ্য।
তবে নতুন তথ্য হলো ডিভাইসে লোকেশন সার্ভিস বন্ধ থাকলেও ভিন্ন উপায়ে ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করে গুগল।
সংবাদভিত্তিক ওয়েবসাইট কোয়ার্টজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
কোয়ার্টজের প্রতিবেদনে বলা হয়েছে, লোকেশন সার্ভিস বন্ধ থাকলে নিকটবর্তী সেলুলার টাওয়ারের অবস্থান সংগ্রহ করে গুগল। পরবর্তীতে ডিভাইসটি ইন্টারনেটে যুক্ত হলে এসব তথ্য চলে যায় গুগলের সার্ভারে।
এ বছরের শুরু থেকেই অ্যান্ড্রয়েড গ্রাহকদের লোকেশন জানার জন্য গুগল এ পদ্ধতি অবলম্বন করছে বলে এ প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে গুগল প্রায় সার্বক্ষণিক অবস্থান সংক্রান্ত ডাটা সংগ্রহ করতে থাকে। বর্তমান সময়ের অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনই এই নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
তবে এ বিষয়ে গুগলের একজন মুখপাত্র দাবি করেছেন, এসব তথ্য সংরক্ষণ কিংবা ব্যবহার, কোনোটিই করেনি গুগল।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে মেসেজ আদান প্রদানের জন্য এ বছরের জানুয়ারিতে ফোনে সেল আইডি কোড ব্যবহার শুরু করে গুগল।
ইতোমধ্যেই এই সমস্যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে কোয়ার্টজকে জানিয়েছেন গুগলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।
চলতি মাসের মধ্যেই এর সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।







