ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিনের খেলাকে কি বলা যায়, সমানে সমান? ইংল্যান্ড ৬ উইকেট তুলে নিলো, সাউথ আফ্রিকা তিনশ পেরিয়ে গেল, সবমিলিয়ে সামনে সমান লড়ল তো দুদলই। এর মাঝেই বেশ খানিকটা আলো নিজের দিকে টেনে নিলেন অ্যান্ডারসন, প্রথম পেসার হিসেবে দেশের মাটিতে তিনশ টেস্ট উইকেট তুলে নিয়ে।
শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারী প্রোটিয়ারা।
অ্যান্ডারসনই প্রথম নন, আবার প্রথমও! ডিন এলগারকে পয়েন্টে লিয়াম ডসনের দুর্দান্ত ক্যাচ বানিয়ে রেকর্ডটা ছুঁয়েছেন। ইতিহাসের প্রথম পেসার হিসেবে দেশের মাটিতে তিনশ টেস্ট উইকেটের মালিক এখন এই ইংলিশ তারকা। বাকি যে তিনজনের এই কীর্তি আছে তারা সকলেই স্পিনার।
তিন দেশের তিন কিংবদন্তি ঘরের মাটিতে এই কীর্তি গড়ে বসে আছেন। সবচেয়ে এগিয়ে মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কায় ৪৯৩ উইকেট নিয়ে। পরে ভারতে ৩৫০ উইকেট নিয়ে অনিল কুম্বলে দুইয়ে এবং অস্ট্রেলিয়ায় ৩১৯ উইকেট নিয়ে তিনে আছেন শেন ওয়ার্ন। আর পেসারদের মধ্যে অ্যান্ডারসনের পরে আছেন গ্লেন ম্যাকগ্রা, দেশের মাটিতে ২৮৯ উইকেট তার।
দিনটা অবশ্য পুরোপুরি অ্যান্ডারসন বা তার দেশের হতে দেননি আরেক কীর্তিমান হাশিম আমলা। ঝলমলে ৭৮ রানের ইনিংস খেলার পথে চতুর্থ প্রোটিয়া হিসেবে সাদা পোশাকে ৮ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন।
আমলার সঙ্গে ১১৩ রানের জুটি গড়া কুইন্টন ডি ককের ব্যাটে এসেছে ৬৮ রান। শুরুতে এলগার (৬) দ্রুত ফিরলে হেইনো কুনও (৩৪) ইনিংস লম্বা করতে পারেননি। একাদশে ফেরা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ১৯, টেম্বা বাভুমা ২০ রানে ফিরেছেন।
তবে আবারো বুক চিতিয়ে লড়েছেন ভারনন ফিনল্যান্ডার। ক্রিস মরিসকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়ে লড়াইটা দ্বিতীয় দিনে টেনে নিয়েছেন। নিজে অপরাজিত আছেন ৫৪ রানে, সঙ্গী মরিস ২৩ রানে।
ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ৩টি উইকেট নিয়ে দিনের সেরা। বেন স্টোকস ২টি ও অ্যান্ডারসনের দখলে গেছে ১টি উইকেট।










