বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়া খুব অসুস্থ জানিয়ে তাকে আবারও দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন দাবি জানান।
তিনি বলেন, আমরা আজকে চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছি। তিনি অত্যন্ত অসুস্থ। তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। অসুস্থ অবস্থায় তাকে জোরপূর্বক হাসপাতাল থেকে হঠাৎ কারাগারে নিয়ে আসা হয়।
‘‘একজন অসুস্থ মানুষের প্রতি এমন আচরণের নিয়ম আমি কোথাও দেখিনি। এটা অত্যন্ত অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আবারও তাকে বিএসএমএমইউতে চিকিৎসা দেয়ার জের দাবি জানাচ্ছি।’’
ফখরুল আরো বলেন, আমরা তার সঙ্গে নির্বাচনী কোনো বিষয়ে কথা বলিনি। তার চিকিৎসা নিয়েই কথা বলেছি। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানাই।
মির্জা ফখরুলের সাথে কারাগারে যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও মির্জা আব্বাস।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের পর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।
এরমধ্যে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।








