দু’হাত ভরে অর্থ খরচ করায় পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিস্তর নামডাক। ইউরোপের ক্লাব দুটির গায়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে ‘টাকার ক্লাবের’ তকমা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার প্যাট্রিস এভরা বলছেন, এ দুই ক্লাবে খেলোয়াড়রা আসলে পকেট ভারী করার জন্যই যায়।
বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং হালান্ড যখন সিটিজেন ডেরায় নাম লিখিয়ে ফেলেছেন বলে খবর, আনুষ্ঠানিকতা এ সপ্তাহেই, একই সময়ে কাইলিয়ান এমবাপেকে দলে রাখতে পিএসজির চোখ ধাঁধানো চুক্তির প্রস্তাব, তখন ক্লাব দুটির দর্শন নিয়ে সমালোচনায় মেতেছেন এভরা। সাবেক ফ্রেঞ্চম্যান তোপ দেগেছেন সিটিজেন বস পেপ গার্দিওলার দিকেও।
এভরার মতে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে সিটির পরাজয়ের অন্যতম কারণ মাঠের নেতা না থাকা। এর পেছনে দায়ী ক্লাবের সর্বেসর্বা বনে যাওয়া কোচ গার্দিওলা এবং খেলোয়াড়দের মানসিকতা। তার বিশ্লেষণে সিটির ‘টাকার ক্লাব’ টাইপের দর্শনও সমানভাবে দায়ী।
‘ম্যানসিটি আমাকে পিএসজির কথা মনে করিয়ে দিয়েছে, তারা অর্থ নির্ভর ক্লাব। রিয়াল মাদ্রিদেরও টাকা আছে। কিন্তু তাদের পেছনে ইতিহাস আছে। সিটির কাছে আছে শুধু টাকা। খেলোয়াড়রা সেখানে খেলতে যায় শুধু সেটার জন্যই। অবশ্যই তারা শিরোপা জেতে, কিন্তু খেলোয়াড়রা ম্যানসিটি বেছে নেয়, কারণ তারা বড় প্রস্তাব দেয়।’
৪০ বর্ষী ফ্রেঞ্চম্যানের মতে, ম্যানসিটির তারকাদের ঠিকঠাক অনুশীলন করাতে পারছেন না গার্দিওলা। এর কারণ হিসেবে বলেছেন সিটি বসের সর্বেসর্বা মনোভাবের কথা।
‘ম্যানচেস্টার সিটির নেতা প্রয়োজন। কিন্তু গার্দিওলা নেতা চান না, ব্যক্তিগতভাবে এটি তিনি চান না। তিনিই নেতা। সেকারণে যখন তারা সমস্যায় পড়ে, তখন সাহায্য চায় না। তাদের সাহায্য করতে মাঠে কেউ থাকে না।’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও গার্দিওলার সিটি প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে আছে। নিকট প্রতিদ্বন্দ্বী লিভারপুলের থেকে তিন পয়েন্ট এগিয়ে এখন তারা। মৌসুমের বাকি ম্যাচগুলোতে অঘটন না ঘটলে ইতিহাদেই যাচ্ছে আরেকটি ইপিএল শিরোপা।








