অরিত্রি আত্মহত্যা: দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

অধ্যক্ষের পদত্যাগ ও আত্মহত্যায় প্ররোচনার অপরাধে তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানিয়েছে অরিত্রি অধিকারীর বন্ধুরা।
তারা বলছে, দাবি মানা না হলে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না তারা।
মোবাইলফোন নিয়ে হলে প্রবেশ এবং নকল করার অপরাধে অরিত্রি অধিকারীর বাবা-মাকে ভিকারুননিসার অধ্যক্ষ তলব করেন ৩ ডিসেম্বর।
মেয়ের সামনেই বাবা-মা একাধিকবার ক্ষমা চাওয়ার পরও অভিযোগ থেকে রেহাই পায়নি অরিত্রি। ওই দিনই আত্মহত্যা করে অরিত্রি। উত্তপ্ত হয়ে ওঠে ভিকারুননিসা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে একাধিক সিদ্ধান্ত আসায় বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশ না নিলেও অরিত্রির বন্ধুরা সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কলেজের প্রধানগেটে কর্মসূচি পালন করে।
এই সময় ছয় দফা দাবি তুলে ধরে তারা। শিক্ষার্থীরা বলছে, বিশেষ সমাবেশ করে অরিত্রির বাবা-মায়ের কাছে কলেজ কর্তৃপক্ষকে ক্ষমাও চাইতে বলেছে তারা।
বৃহস্পতিবার কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কয়েকটি নারী সংগঠনের নেতারা অরিত্রির সহপাঠীদের সঙ্গে সংহতি জানান।






