অমিতাভের হাত থেকে সম্মাননা নিলেন রজনীকান্ত
গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডে সন্মাননা পেলেন রজনীকান্ত

২০ নভেম্বর (বুধবার) গোয়ার শ্যামা প্রসাদ স্টেডিয়ামে আসর বসে ৫০তম জাতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যেখানে চলতি বছর বিশেষ সন্মানে ভূষিত করা হয়েছে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে।
এবছর তাঁকে গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডে বিশেষ ভাবে সন্মাননা জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
বিশেষ এই সন্মাননা দেওয়ার সময় অমিতাভ ছাড়াও আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
আইকন অফ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়ে রজনীকান্ত তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই পুরস্কারে সম্মানিত করার জন্য। আমার সমস্ত প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা, যারা আমার বিভিন্ন ছবিতে কাজ করেছেন, তাদের আমি উৎসর্গ করলাম এই পুরস্কার। পাশাপাশি এই পুরস্কার আমার গুণমুগ্ধদের জন্যেও।
এছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ফরাসি অভিনেত্রী ইসাবেল হাপার্টকে। সেই সাথে উক্ত আসরে দাদাসাহেব ফালকে পুরস্কারে সন্মানিত হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই আসর, চলবে আগামী ২৮নভেম্বর পর্যন্ত। এবছর এই আসরের সঞ্চালকের ভূমিকা পালন করছেন প্রযোজক করণ জোহর।






