ইউরোপে চলমান অভিবাসী সংকট নিরসনে উদ্যোগী হতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেবার এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।
অভিবাসী প্রশ্নে যুক্তরাজ্যের বর্তমান অবস্থানের সমালোচনা করে করেলন্ডনের হলবর্ন ও সেন্ট প্যাঙ্ক্রাসের এমপি কেইর স্ট্যার্মার এবং হর্নসে ও উড গ্রিনের এমপি ক্যাথেরিন ওয়েস্টের সঙ্গে যৌথভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন টিউলিপ।
তুরস্ক উপকূলে মুখ থুবড়ে পড়ে থাকা সিরীয় শিশুর আয়লানের নিথরদেহের ছবি নিয়ে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়ার বিষয়টির ইঙ্গিত করে চিঠিতে বলা হয়েছে, ‘ব্রিটেন সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালন না করলে এটা ঘটতে থাকবে।’
সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের জন্য উদ্যোগী হতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।
অভিবাসী বিষয়ক ‘ডাবলিন প্রটোকল’ পুনর্বিবেচনার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে অংশগ্রহণের আহ্বানও জানানো হয় এতে।
১৯৯০ সালের ওই প্রটোকল পুনর্বিবেচনার জন্য আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বৈঠকে বসছে।
চিঠিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি ইউরোপে চলমান অভিবাসী সংকটের বিষয়ে আমাদের জরুরি ভিত্তিতে কিছু করা দরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশেগুলোকে সীমান্ত ভাবনার বাইরে এসে বৈশ্বিকভাবে ভাবতে হবে। কিন্তু ইউরোপ তা না করে নিজেদের দিকটা দেখছে।’
কয়েক বছর ধরে সিরিয়ায় যুদ্ধের কারণে ইউরোপে বাস্তুহারা মানুষের ঢল বাড়ছে।






