আন্তর্জাতিক

অভিবাসন প্রক্রিয়ায় নতুন রেকর্ড করল কানাডা

Canadian flag flying over mountain landscape with forests and snow-capped peaks. Channel i News - চ্যানেল আই নিউজ

Canadian flag fluttering in the wind against a backdrop of mountains, forests, and a clear blue sky. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী কানাডার জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ অভিবাসন প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বসবাসের সুযোগ। চলতি বছর ৪ লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে গত ১০০ বছরের মধ্যে নতুন রেকর্ড করল কানাডা।

আদিবাসীদের বাদ দিলে কানাডার জনসংখ্যার পুরোটাই অভিবাসীদের সমন্বয়ে গড়ে উঠেছে। কানাডা তাদের জনসংখ্যা বৃদ্ধিকে দেশটির অর্থনীতির চালিকাশক্তি হিসেবে মনে করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন সুবিধা অনেক বেড়েছে। এরই ধারাবাহিকতায় কানাডার অভিবাসন মন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, যারা নতুন করে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন, তাদের একটি বড় অংশ কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন।

করোনা মহামারির কারণে যদিও দেশটির সীমান্ত অধিকাংশ সময় বন্ধ থাকায় ২০২০ সালে এই স্থায়ী অভিবাসন সুবিধা কমে যায়। সে বছর ১ লাখ ৮৫ হাজার মানুষকে এ সুবিধা দেওয়া হয়।

কানাডার অভিবাসন নীতি অনুসারে, প্রতিবছর দেশটির মোট নাগরিক অনুপাতে ১ শতাংশ মানুষকে অভিবাসন সুবিধা দেওয়া হবে। কানাডার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৮ লাখ। এ হিসাব অনুসারে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার অভিবাসী নেওয়ার কথা কানাডার। তবে প্রতিবছর এ সংখ্যা বাড়াচ্ছে কানাডা সরকার। ২০২২ সালে ৪ লাখ ২১ হাজার অভিবাসীকে দেশটিতে বসবাসের সুযোগ দিতে চায় কানাডা।

এক সমীক্ষায় দেখা গেছে, কানাডার বিচার ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জীবনের নিরাপত্তা, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে দেশ হিসেবে বিশ্বের সবার কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কানাডা।

বিষয়:অভিবাসন নীতি কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…