‘অভিনেত্রী তকমাটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি’—গতকাল মঙ্গলবার ভারতের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কলকাতার রাতশ্রী দত্ত।
২০১৪ সাথে মডেলিং আর অভিনয়ে নাম লেখান রাতশ্রী। তবে কলকাতার মেয়ে হয়েও তার প্রথম ছবিটা বাংলাদেশের। নাম ‘তুখোড়’। পরিচালক মিজানুর রহমান লাবু। ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি।
রাতশ্রী বলেন, ‘আমি যেহেতু মডেল হিসেবে কাজ করতাম, তাই কলকাতায় অভিনয়ের সুযোগ সেভাবে পাইনি। বাংলাদেশ থেকে যখন প্রথম আমাকে ছবিটা অফার করে, গল্পটা ভালো ছিল আর আমি ভীষণ ভাবে অভিনয় করতে চাইতাম, তাই অফারটা আমি নিয়ে নিই।’
তিনি আরও বলেন, ‘আমি কিন্তু চেষ্টা করেছি আমার কাজের মাধ্যমে কলকাতাকে রিপ্রেজেন্ট করতে। এই মুহূর্তে বাংলাদেশে যারা কাজ করছেন, শ্রাবন্তী বা পাওলি, সবাই কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে গেছে ওখানে। আর আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা। অভিনেত্রী তকমাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি।’
বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হলেও কলকাতায় এখন ব্যস্ত সময় পার করছেন রাতশ্রী। মৃত্যুঞ্জয় প্রামাণিকের ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে তিনি সমদর্শীর বিপরীতে অভিনয় করছেন। এছাড়া টিভি চ্যানেলের জন্য ‘রবি ও রথী’ নামের একটি অনুষ্ঠানের প্রযোজনা করছেন তিনি।

ছবি : সংগৃহীত








