‘আমি জানতাম শাকিব ফিরবেই।’ বললেন অপু বিশ্বাস। শ্বাসরুদ্ধকর ২৪ ঘণ্টার পর হাসি ফুটেছে অপু বিশ্বাসের মুখে। আজ মঙ্গলবার বিকালে তিনি বললেন, ‘একটু খেয়াল করে দেখুন, কাল কিন্তু শাকিবের মন্তব্যের পর আমার কাছ থেকে অনেকেই কিছু শুনতে চেয়েছিলেন। আমি শুধু বলেছি, শাকিব আজকে কী বলছে, আমি সেটা নিয়ে কিছু বলব না। এক সপ্তাহ পর ও কী বলে, আমি সেটাই দেখব। ব্যাপারটি নিয়ে আমি নিজেও খুব অস্বস্তিতে ছিলাম। শাকিব এটা সহ্য করতে পারবে না, তা বেশ বুঝতে পেরেছি। তাই ও অনেক কিছুই বলেছে।’
তবে শাকিবের সঙ্গে তার দেখা হয়েছে, তাকে আর আব্রাহামকে শুক্রবার শাকিব বাসায় নিয়ে যাবেন—এসব ব্যাপারে অপু এখনই কিছু বলতে চাননি।
এর আগে শাকিব খানের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা গেছে, আগামী শুক্রবার দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন।
আজ মঙ্গলবার দুপুরে শাকিব বলেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যা–ই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’
তিনি জানান, গতকাল হঠাৎ টিভিতে আব্রাহামকে তাঁর মায়ের সঙ্গে দেখে মাথা ঠিক রাখতে পারেননি। অপুর প্রতি অভিমান হয়।
শাকিব খান আরও বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। ভালোই ছিলাম। তিন দিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’
গতকাল সোমবার বিকালে নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।








