‘জয় বাংলা স্লোগানকে যারা অপরাধ ঢাকতে ব্যবহার করে তাদের বিচার কর’, ‘যৌন নিপীড়নকারীরা সমাজের কীট তাদের সমাজচ্যুত কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ৭ মার্চ রাজধানীতে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে বিতার্কিক সমাজ।
শনিবার বিকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ডিবেট ফর হিউম্যানিটি’র সহ-সভাপতি ফাহমিদা হাসান বাপ্পী বলেন: সমাজে নারীদের ওপর লাঞ্চনা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সবার আগে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। অদিতি বৈরাগী বিতার্কিক হিসেবে যেভাবে প্রতিবাদ জানিয়েছে আজ আমরা তার পাশে দাঁড়াতে হাজির হয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সদস্য তালিব হাসান রিজভী বলেন: রাষ্ট্র সবসময় নিপীড়নের বিচার করতে অনীহা প্রকাশ করছে। শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এসবের প্রতিরোধ করা সম্ভব না, সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন এর সভাপতি মুশফিক উস সালেহিন বলেন: আমরা সমাজ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এখানে একত্রিত হয়েছি। শুধু ৭ মার্চ নারী নিপীড়ন নয়, সারাদেশের সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই আমরা। 








