চোখে দেখতে না পারার কারণে ছেলেবেলায় নানা বৈষম্যের শিকার হয়েও ৪৮ মিলিয়ন ডলার মূল্যমানের একটি কোম্পানির সিইও হয়েছেন শ্রীকান্ত বোল্লা নামের ভারতীয় এক ব্যক্তি। তার জীবনের নানা বিষয়ের উপরে নির্মাণ করা হবে বলিউড মুভি।
অন্ধ ওই তরুণ সিইও’র মিলিয়ন ডলার মূল্যমানের একটি কোম্পানি ইতিমধ্যে আলোচনায় এসেছে, যা সচারচর ঘটতে দেখা যায় না। ৩০ বছর বয়সে তরুণ শ্রীকান্তকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ইয়াং গ্লোবাল লিডারস ২০২১’ তালিকায় স্থান করে দিয়েছে।
বিবিসি জানায়, কিশোর বয়সে শ্রীকান্তকে বিদ্যালয়ে গণিত এবং বিজ্ঞান অধ্যয়নে বাধা দেয়া হয়েছিল, কারণ তিনি অন্ধ। কিন্তু তিনি এ ধরনের নিয়মের জন্য এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের মতো শিক্ষা লাভের জন্য ভারতীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন।
শ্রীকান্ত যখন ৬ বছর বয়সী ছিলেন তখন থেকে প্রায় দুই বছর গ্রামের রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। দরিদ্র্য পরিবারে জন্ম নেয়া শ্রীকান্ত বলেন: আমি একজন অন্ধ শিশু ছিলাম বলে কেউ আমার সাথে কথা বলত না। আমার বাবা-মাকে বলা হয়েছিল যে আমি আমার নিজের বাড়ির জন্য একজন প্রহরীও হতে পারব না। কারণ আমি দেখতে পাই না রাস্তার কুকুর বাড়ির ভেতরে ঢুকেছে কিনা।
নিজের কোম্পানি সর্ম্পকে তিনি আশা প্রকাশ করে জানান, তিন বছরের মধ্যে তার কোম্পানি বোলান্ট ইন্ডাস্ট্রিজ একটি গ্লোবাল আইপিওতে পরিণত হবে। যেখানে এর শেয়ারগুলি একই সাথে একাধিক আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে ৷উল্লেখ্য শ্রীকান্তের কোম্পানিতে মানসিক অথবা শারীরিক দিক থেকে অক্ষমদেরও কাজের সুযোগ দেয়া হয়।

বর্তমানে বলিউডে শ্রীকান্তকে নিয়ে হচ্ছে চর্চা। তার জীবনের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে বায়োপিক। সুপরিচিত অভিনেতা রাজকুমার রাও অভিনীত এ বায়োপিকটি জুলাই মাসে শুটিং শুরু হবে।









